বাগেরহাট: বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ ধরার সময় তিনটি আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জন জেলেকে আটক করা হয়েছে।
আটকদের শুক্রবার (৬ মার্চ) সকালে বাগেরহাটে আদালতে পাঠানো হয়েছে। আটকদের বাড়ি বরগুনার পাথরঘাটা বলে জানা গেছে।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, বঙ্গোপসাগরে বুধবার (৪ মার্চ) বিকেলে নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং বোট দিয়ে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় কোস্ট গার্ডের টহলরত জাহাজ সিজিএস সোনারবাংলা অভিযান চালিয়ে এফবি মায়ের দোয়া-২৭, সীমা–২ ও আসমা নামের তিনটি ফিশিং বোটসহ জেলেদের আটক করে।
তিনি আরও জানান, আটক করা বোটগুলো মোংলায় আনা হয়। পরে মোংলা ফেরিঘাট এলাকায় এনে তিনটি বোট ও ৩৭ জেলেকে মোংলা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক বোটে থাকা মাছের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, তিনটি আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জন জেলেকে শুক্রবার (৬ মার্চ) সকালে বাগেরহাটে আদালতে পাঠানো হয়েছে।