ঢাকা: অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বক্তব্যের জবাবে প্রশ্ন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংসদে কি জামায়াতে ইসলামী ছাড়া কোনো বিরোধী দল আছে? আপনিতো বলেছেন, যারা বিরোধীদলে আছে তাদেরকে মেইন স্ট্রিমে আনতে দেননি। আমরা বিশ্বাস করি আপনি একা এই ইঞ্জিনিয়ারিং করতে পারেননি। আপনি নাম প্রকাশ করুন আর কারা এর সঙ্গে জড়িত ছিল।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে জুম্মার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজওয়ানা হাসানকে তার ভিডিও বার বার দেখার অনুরোধ করে গোলাম পরওয়ার বলেন, আপনি দেখুন আপনি কি বলেছেন। আপনি আপনার বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, আমি রাজনৈতিক দলকে মিন করিনি, আমি উগ্রবাদকে মিন করেছি। আপনার কথায় আপনি আবার আটকে যাচ্ছেন। সাংবাদিক যখন বলেছে, তাদের একটা অংশ বিরোধী দলে আছে। তখন আপনি বলেছেন, বিরোধীদলে যদি তারা থেকেও থাকে, তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি। ওয়াট ডু ইউ মিন বাই দিজ টাইপ অব কমেন্ট। কোনো উগ্রবাদীরাতো সংসদে নাই। যারা সংসদ নির্বাচনে অংশ নিয়েছে সবাই নিবন্ধিত রাজনৈতিক দল। ইসলাম কোনো উগ্রবাদ চরমপন্থাকে সমর্থন করে না।
রেজওয়ানা হাসানকে একজন আত্মস্বীকৃত রাজসাক্ষী উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, আপনাকেই প্রমাণ করতে হবে, বিরোধী দল বলতে আপনি কাকে মিন করেছেন। আজকে আপনি আবার আনন্দবাজারের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, আমি যদি কোনো মবের শিকার হই, তাহলে জামায়াত শিবিরকে দায়ী থাকতে হবে। ছি ছি, ছি, একথা আপনি কেন বলতে গেলেন। এই কথাটাকে আমরা উসকানিমূলক কথা মনে করি। এটার কোনো প্রয়োজন ছিল না। জামায়াত কোনো মবে বিশ্বাস করে না।
খলিলুর রহমানকে লন্ডন ষড়যন্ত্রের হোতা উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশে ইতোপূর্বে যেসব তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তবর্তী সরকার ছিল রেওয়াজ অনুযায়ী সেসব সরকারের কোনো উপদেষ্টা কোনো সরকারে যোগ দেননি। এবারে আপনি এই সরকারকে ক্ষমতায় আনার জন্য যে ইঞ্জিনিয়ারিং করেছেন তার উপহার স্বরূপ এই পররাষ্ট্র মন্ত্রণালয়টি উপহার পেয়েছেন।
মিয়া গোলাম পরওয়ার সরকার ও বিচার বিভাগের কাছে দাবি জানিয়ে বলেন, আপনারা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি জনগণের সামনে ব্যাখ্যা করুন। বিরোধী দলে থাকলেও তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আনতে দেইনি। এই কথার অর্থ কি। আমরা সুশীলদের কাছে জানতে চাই। আমাদের ব্যাখ্যা যদি ভুল হয়, আপনারা সঠিক ব্যাখ্যা দিন।
পরে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়, বিজয়নগর, নাইটিগেল মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।