ঢাকা: যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ ঘিরে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যগামী আজ ৩৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত এক সপ্তাহে মধ্যপ্রাচ্যগামী ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, গত ২৮ ফেব্রুয়ারী মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এ কারণে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ২৪৫টি ফ্লাইট বাতিল করা হলো।
তিনি বলেন, আজকের বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতারের ৪টি, এমিরেটসের ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৬টি, ফ্লাই দুবাইয়ের ২টি, কুয়েত এয়ারের ৪টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৫টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ) ২টি ও গালফ এয়ার (বাহরাইন) ২টি ফ্লাইট।
এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৮টি এবং ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল করা হয়।