আগের রাতেই ভাগ্যের ছোঁয়ায় পাওয়া এক জয়ে বার্সেলোনার চেয়ে পয়েন্টের ব্যবধান ১ এ নামিয়ে এনেছিল রিয়াল মাদ্রিদ। বার্সার সামনে সুযোগ ছিল পয়েন্টের ব্যবধান ৪ এ ফিরিয়ে আনার। অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে হারাতে বেশ বেগ পেতে হয়েছে কাতালানদের। লামিন ইয়ামালের জাদুকরী এক গোলে বিলবাওকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল হ্যান্সি ফ্লিকের দল।
সান মামেসে প্রথমার্ধে বার্সাকে রুখে দিয়েছে বিলবাও। বেশ কয়েকবার সুযোগ পেলেও গোলের দেখা পায়নি বার্সা ফরোয়ার্ডরা। গোলশূন্যভাবেই তাই শেষ হয় হাফ টাইম।
দ্বিতীয়ার্ধেও কোনভাবেই গোলের দেখা পাচ্ছিল না বার্সা। ৬৮ মিনিটে অবশেষে ডেডলক ভাঙে বার্সা। পেদ্রির পাস বক্সের ভেতর ডান দিকে ফাঁকায় নিয়ন্ত্রণে নেন ইয়ামাল। বাঁ পায়ের শটে দুরের পোস্টের ওপরের কোণা দিয়ে বল জালে পাঠান ১৮ বছর বয়সী তারকা।
এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামালের গোল হলো ১৯টি। লিগের গত রাউন্ডে ভিয়ারেয়ালের বিপক্ষে দলের ৪-১ ব্যবধানের জয়ে নিজের প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ২৭ ম্যাচে ২২ জয় ও এক ড্রয়ে বার্সার পয়েন্ট ৬৭। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল।