Sunday 08 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে জামায়াত কর্মী নিহতের ঘটনায় গোলাম পরওয়ারের প্রতিবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১১:২৬

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম।

ঢাকা: রাজশাহীর মোহনপুরে আসন্ন ঈদুল ফিতরে নামাজের জন্য ইমাম নির্বাচনকে কেন্দ্র করে হামলায় আলাউদ্দিন (৫৬) নামে এক জামায়াতে ইসলামীর কর্মী নিহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, শনিবার (৭ মার্চ) রাতে অনুষ্ঠিত একটি বৈঠককে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে সাঁকোয়া গ্রামের ঈদগাহ মাঠে বিএনপি-সমর্থিত সন্ত্রাসীরা হামলা চালায়। এ হামলায় গুরুতর আহত হয়ে জামায়াত কর্মী আলাউদ্দিন মৃত্যুবরণ করেন। একজন নিরীহ, ধর্মপ্রাণ মুসল্লিকে নির্মমভাবে হত্যার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক, মানবিক মূল্যবোধবিরোধী এবং গণতান্ত্রিক চর্চার সম্পূর্ণ পরিপন্থী। এমন সহিংসতা ও রক্তপাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্মীয় পরিবেশ ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার এই ঘটনা গভীরভাবে উদ্বেগজনক।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও প্রতিহিংসার অপসংস্কৃতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এ ধরনের নৃশংস হামলা শুধু আইনশৃঙ্খলার চরম অবনতিরই প্রমাণ নয়, বরং এটি সমাজে ভয়ভীতি, অস্থিরতা এবং বিভক্তি সৃষ্টির অপচেষ্টারও বহিঃপ্রকাশ। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।

তিনি অবিলম্বে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একইসঙ্গে তিনি এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

তিনি নিহত আলাউদ্দিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর দরবারে তার রূহের মাগফিরাত কামনা করেন।

নিহত আলাউদ্দিন উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকোয়া গ্রামের বাসিন্দা।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর