ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ মার্চ দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের একক বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
এদিন মামলার ১৬তম সাক্ষী হিসেবে তদন্ত সংস্থার লাইব্রেরিয়ান এসআই আনিসুর রহমান সাক্ষ্য দেন। জবানবন্দিতে তিনি মামলার তদন্তকালে কোথা থেকে কী কী আলামত জব্দ করা হয়েছে তা বিস্তারিতভাবে আদালতে তুলে ধরেন। পরে পলাতক আসামিদের পক্ষে তাকে জেরা করেন আইনজীবী এম হাসান ইমাম।
প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এ সময় তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার ও সহিদুল ইসলাম সরদার।
হানিফ ছাড়া এ মামলার অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় মোট ৩৮ জন সাক্ষীর তালিকা রয়েছে। এর মধ্যে শহীদ পরিবারের সদস্য ৮ জন, প্রত্যক্ষদর্শী ৮ জন, আহত ৮ জন, আন্দোলনে অংশগ্রহণকারী ৬ জন, পুলিশ সদস্য ১ জন, সাংবাদিক ১ জন, জব্দতালিকার সাক্ষী ২ জন, বিশেষজ্ঞ ২ জন, বিশেষ তদন্ত কর্মকর্তা ১ জন এবং মূল তদন্ত কর্মকর্তা ১ জন।
এর আগে গত বছরের ২ নভেম্বর হানিফসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। ৬ অক্টোবর মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। এর একদিন আগে ৫ অক্টোবর প্রসিকিউশন আদালতে অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।