ঢাকা: উন্নত অর্থনীতির লক্ষ্য অর্জনে একটি শক্তিশালী ও স্থিতিশীল আর্থিক খাত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি তাসকীন আহমেদ।
রোববার (৮ মার্চ) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় বেসরকারিখাতে বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন ডিসিসিআই সভাপতি।
তাসকীন আহমেদ বলেন, ঋণের সুদের হার কমিয়ে আনা এবং বেসরকারিখাতে বিনিয়োগ বাড়াতে নীতি সুদের হার ধীরে ধীরে কমানো প্রয়োজন। পাশাপাশি প্রকৃত বা অনিচ্ছাকৃত ঋণখেলাপিদের জন্য ঋণ পুনঃতফসিল সুবিধা পুনর্বিবেচনা এবং ঋণ শ্রেণিকরণের সময়সীমা বাড়ানোর প্রস্তাব দেন তিনি।
তিনি আরও বলেন, মুদ্রানীতি, রাজস্বনীতি এবং কাঠামোগত সংস্কারের সমন্বিত প্রয়োগের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব। এতে আর্থিক খাতের স্থিতিশীলতা জোরদার হবে এবং দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত হবে।
এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হচ্ছে বেসরকারিখাত। তিনি আশ্বাস দেন, বর্তমান সরকার বাণিজ্য, ব্যবসা, বিনিয়োগ ও শিল্পখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।
তিনি আরও জানান, পুঁজিবাজারকে গতিশীল ও কার্যকর করতে এবং কেন্দ্রীয় ব্যাংককে আরও বেশি বেসরকারি খাতমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। পাশাপাশি বেসরকারিখাতে ঋণপ্রবাহ সহজ করা এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ঋণপ্রবাহ বাড়ানোও সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী ও সহ-সভাপতি মো. সালিম সোলায়মান উপস্থিত ছিলেন।