Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
৯ মার্চ ২০২৬ ১০:১৩

মোজতবা খামেনি।

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রয়াত আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি-কে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) ইরানের কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। একই সময় তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে হামলা বিস্তৃত করেছে এবং মরুভূমি অধ্যুষিত উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ তেল ও পানি স্থাপনায় আঘাত হেনেছে।

ইরানের ধর্মীয় পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) নতুন সর্বোচ্চ হিসেবে ৫৬ বছর বয়সী গোপনীয় স্বভাবের ধর্মীয় নেতা মোজতবা খামেনিকে নির্বাচন করেছে। ইরানের আধা-সামরিক বাহিনী (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস)-এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মোজতবা খামেনির।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর থেকেই ওই বাহিনী ইসরায়েল ও উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

চলমান যুদ্ধ বিশ্ব জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে এবং গ্যাস সরবরাহও সংকুচিত হয়েছে, কারণ কাতার তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে।

মোজতবা খামেনিকে দীর্ঘদিন ধরেই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল। যদিও তিনি কখনো সরাসরি কোনো নির্বাচিত বা সরকারি পদে দায়িত্ব পালন করেননি। তবে তার নির্বাচনের বিষয়টি নিয়ে ইরানের রাজনৈতিক মহলে কিছু ভিন্নমতও দেখা গেছে। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব মনে করেন, বংশানুক্রমিকভাবে সর্বোচ্চ নেতার পদ হস্তান্তর করা হলে তা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে উৎখাত হওয়া শাহ শাসনের মতো একটি পারিবারিক শাসনব্যবস্থার রূপ নিতে পারে।

বিশ্লেষকদের মতে, প্রয়াত নেতার তুলনায় আরও কঠোর অবস্থানের জন্য পরিচিত মোজতবা খামেনি এখন ইরানের সশস্ত্র বাহিনী এবং দেশের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দায়িত্বে থাকবেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোজতবা খামেনির ক্ষমতায় আসার বিষয়টির সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এমন একজন নেতাকে দেখতে চাই, যিনি ইরানে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন।’

অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড এবং ইরানপন্থী লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ নতুন নেতার প্রতি সমর্থন জানিয়েছে।

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, তেহরানে বিমান হামলা চলার মধ্যেও বিশেষজ্ঞ পরিষদ বৈঠক করে নতুন নেতাকে নির্বাচন করেছে। তিনি দাবি করেন, মোজতবা খামেনি তার বাবার কাছ থেকেই প্রশিক্ষণ পেয়েছেন এবং বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা রাখেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর