Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌলভীবাজারে দিন-দুপুরে নারীকে অপহরণের চেষ্টা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১১:১৯ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১১:২৬

সিলেট: মৌলভীবাজারের কমলগঞ্জে ভোরবেলা কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় ওই নারী চিৎকার করলে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।

রোববার (৮ মার্চ) ভোর প্রায় সাড়ে ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ফাতেমা পারভেজ নিশি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

ভুক্তভোগী ফাতেমা পারভেজ নিশি জানান, তিনি শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিনের মত সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বটতলা বাজারে পাবলিক গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার বারবার বাজার এলাকায় ঘোরাফেরা করে। গাড়িতে থাকা কয়েকজন যুবক তাকে শ্রীমঙ্গল যাওয়ার কথা বলে তাদের গাড়িতে উঠতে বলেন। তবে তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তিনি প্রস্তাবে সাড়া দেননি।

তিনি আরও জানান, কিছুক্ষণ পর বাজারে লোকজন কমে গেলে এবং ভয়ভীতি দেখা দিলে তিনি বাড়ির দিকে রওনা দেন। পথিমধ্যে প্রাইভেট কারটি তাকে ফলো করে দ্রুত কাছাকাছি চলে আসে এবং গাড়ি থেকে নেমে এক যুবক তার হাত ও মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে।

এ সময় তিনি প্রাণপণ চিৎকার করলে আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত গাড়ি নিয়ে শ্রীমঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে বাড়ির পরিবারকে ফোন করলে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে চলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। অপহরণের চেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর