ঢাকা: প্রতিবেশী দেশ নেপালে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেছেন, নতুন সরকার গঠনের পর দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার হবে।
সোমবার (৯ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নেপাল সরকার ও দেশটির জনগণকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
পোস্টে তারেক রহমান বলেন, সফল ও শান্তিপূর্ণ সংসদীয় নির্বাচন আয়োজনের জন্য নেপাল সরকার ও জনগণকে অভিনন্দন। এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুশীলন নেপালি জনগণের আকাঙ্ক্ষা, স্থিতিশীলতা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তিকে প্রতিফলিত করে।
তিনি আরও বলেন, বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশের নতুন সরকার নেপালের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহী।
উল্লেখ্য, গত ৫ মার্চ নেপালে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির ২৭৫ সদস্যের প্রতিনিধি পরিষদের মধ্যে ১৬৫টি আসনে সরাসরি ভোট এবং ১১০টি আসনে দলীয় তালিকার ভিত্তিতে প্রতিনিধিত্ব নির্ধারণ করা হচ্ছে।
নির্বাচনে প্রায় এক কোটি ১৩ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের ভোট গণনা এখনও চলছে। প্রাথমিক ফলাফলে তরুণ নেতৃত্বাধীন আরএসপি দল প্রায় ১১০টি আসনে এগিয়ে রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ফলে দলটি সরকার গঠনের পথে এগিয়ে থাকতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।