খুলনা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা আজকে ইফতার মাহফিলে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, একইভাবে সংসদেও ঐক্যবদ্ধভাবে আমরা অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাস্তবায়ন করব। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির উদ্যোগে বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আজকে যে নির্বাচিত সরকার এসেছে, এই সরকার হাওয়া থেকে আসেনি, এই সরকার কোনো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েও আসেনি। সেই সরকার একটি অন্তর্বর্তী সরকার কর্তৃক আয়োজিত নির্বাচনের মধ্য দিয়ে এসেছে। তাদের বৈধতা হচ্ছে সেই জুলাই গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের বৈধতা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান এবং যেই জুলাই সনদ আদেশ হয়েছে সেই আদেশ।
তিনি বলেন, এটা যেন নির্বাচিত সরকার ভুলে না যায়, এটা আমরা কেউই ভুলে না যাই। জাতীয় সংসদকে আবারও যদি পুরোনো সংবিধানের দোহাই দিয়ে সংস্কার সভা থেকে বিরত থাকা হয়, শপথ গ্রহণ থেকে বিরত থাকা হয় সেটা জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে, নির্বাচনের সঙ্গে, অন্তর্বর্তী সরকার এই সবকিছুর বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। জুলাই গণঅভ্যুত্থানের শাহাদাতের সঙ্গে, হাজারও মানুষের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।
তিনি আরও বলেন, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দল, এই যে একটি সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে এটা সম্ভব হয়েছে আমাদের হাজারো ভাই-বোনের শাহাদাতের মধ্য দিয়ে। তারা রক্ত দিয়েছিল বলে, আপনারা রাজপথে ছিলেন বলে, জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল বলেই এই রাজনৈতিক কর্মসূচি সম্ভব হয়েছে।
ইফতার মাহফিলে নাসীরউদ্দিন পাটোয়ারী বলেন, আপনারা অধির আগ্রহে ছিলেন শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য কিন্তু আমরা হতভাগা আপনাদের হাতে খুলনায় শাপলা কলি তুলে দিতে পারিনি। তবে স্থানীয় নির্বাচনে ভবিষ্যতে আমরা প্রত্যেকটি জায়াগায় প্রার্থী দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সমালোচনা করে তিনি বলেন, আমরা খুলনাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাচ্ছি শেখ হাসিনা কুসুম কুসুম প্রেম করে ভারতের সঙ্গে যে পাওয়ার প্লান্ট বসিয়ে দিয়েছিল এ পাওয়ার প্লান্ট বন্ধ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ অন্যান্যরা।