Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুমের মামলায় ব্যারিস্টার আরমানের দ্বিতীয় দিনের জেরা আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১০:৫০

ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান।

ঢাকা: টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানের দ্বিতীয় দিনের জেরা আজ অনুষ্ঠিত হবে। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ জেরা হওয়ার কথা রয়েছে।

আজ প্রথমে লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেমসহ সাত আসামির পক্ষে আইনজীবী তাবারক হোসেন ও অন্যরা জেরা করবেন। এরপর রাষ্ট্রনিযুক্ত স্টেট ডিফেন্স আইনজীবীরা জেরা করবেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ৮ মার্চ মামলাটিতে প্রথম দফার জেরা অনুষ্ঠিত হয়। সেদিন কর্নেল কেএম আজাদের আইনজীবী আমিনুল গণি টিটো দাবি করেন, ব্যারিস্টার আরমানকে কোনো আইনপ্রয়োগকারী সংস্থা গুম করেনি বরং তিনি প্রায় আট বছর আত্মগোপনে ছিলেন।

একইসঙ্গে তিনি আরমানের লেখা বই ‘আয়নাঘরের সাক্ষী, গুমজীবনের আট বছর’ এ উল্লেখ করা তথ্যকেও মিথ্যা বলে দাবি করেন। তবে সাক্ষী আরমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন সেগুলো সত্য নয়।

এর আগে গত ২১ জানুয়ারি ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ব্যারিস্টার আরমান। তার জবানবন্দিতে তিনি ২০১৬ সালে গুম হওয়ার পর টানা আট বছর গুমজীবনের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা তুলে ধরেন।

এদিকে, মামলায় গ্রেফতার হওয়া ১০ আসামিকে ঢাকার সেনানিবাসে স্থাপিত বিশেষ কারাগার থেকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

তারা হলেন- র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।

অন্যদিকে শেখ হাসিনা ছাড়া এ মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন তার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র‍্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র‍্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ এবং র‍্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর