ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন সরকারের নির্বাচনি ইশতেহারের ২০টি বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পৃক্ত রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। তিনি বলেছেন, বর্তমান বিএনপি দলীয় সরকারের এই নির্বাচনি ইশতেহারের বিভিন্ন বিষয় কীভাবে বাস্তবায়ন করা হবে সেগুলো মন্ত্রণালয়ের বিভাগ, অনুবিভাগ, শাখা, অধিশাখাগুলোর মধ্যে বিভক্ত করে দেওয়া হয়েছে। আর এই ইশতেহারের ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য একটা কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ৯ম গ্রেড হতে তদূর্দ্ধ পর্যায়ের কর্মকর্তাদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রবাসী কল্যাণসচিব বলেন, ‘প্রাথমিক প্রস্তুতি হিসেবে ইশতেহারের যে অংশটুকু এই মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সেগুলোকে নিয়ে কর্মপরিকল্পনাসহ একটি খসড়া তৈরি করা হয়েছে এবং এটি এই মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর কাছে শিগগিরই পেশ করা হবে। ইশতিহারের একটি খসড়া ও করণীয় সম্পর্কে প্রাথমিক কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।’
তিনি জানান, এটি মন্ত্রীর অনুমোদন পাওয়া গেলে চূড়ান্ত করা হবে। এই মন্ত্রণালয় সংশ্লিষ্ট ইশতেহার বাস্তবায়নের চূড়ান্ত কর্মপরিকল্পনা শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।
সচিব বলেন, ‘সরকারের ইশতেহার বাস্তবায়নে বিদেশের বাংলাদেশে মিশনগুলো যেন আরও বেশি তৎপরতা বাড়ায় সেজন্য তাদের উৎসাহিত করা হচ্ছে। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। বিশেষ করে টেলিফোনে, ভার্চুয়াল প্লাটফর্মে তাৎক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বিদেশের বিভিন্ন শ্রমকল্যাণ উইং এর কর্মকর্তাদের সঙ্গে।’
তিনি বলেন, ‘বিদেশে দুর্ভাগ্যবশত যদি কারও মৃত্যু হয় তাহলে সেই মরদেহ যত তাড়াতাড়ি সম্ভব দেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য সুস্পষ্ট নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর।’ সেই মোতাবেক যেন কর্মকর্তা-কর্মচারীরা কার্যক্রম নেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিনিয়র সচিব সকলকে এই বার্তা দেন।
সচিব আরও বলেন, ‘নির্বাচনি ইশতেহার অনুযায়ী কার্যক্রম গ্রহণ করার জন্য এটাকে যেন সামনে রাখা হয় সে নির্দেশনা বিদেশের বাংলাদেশ মিশনগুলোর শ্রম উইংকে দেওয়া হয়েছে। যে সকল শ্রমিক আনডকুমেন্টেড রয়েছে তাদের ডকুমেন্টেড করা, যারা বিপদাপন্ন আছে তাদের সহায়তা করা, যে সকল শ্রমিকের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা রয়েছে তাদের আইনি সহায়তা দেওয়া ও যারা বিদেশে চাকরিবিহীন আছে তাদের চাকরির ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। সেইসঙ্গে যারা বিদেশে অসুস্থ রয়েছে তাদের সেখানে চিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের মালিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রবাসী বাংলাদেশিদের যাতে কল্যাণ সাধন করা যায় এ সমস্ত নির্বাচনি প্রতিশ্রুতির আলোকে বাস্তবায়ন করার জন্য মিশন প্রধানসহ শ্রম উইংকে অনুরোধ জানানো হয়েছে।’
প্রবাসী কল্যাণ সচিব আরও বলেন, ‘ইরান ক্রাইসিস নিয়ে এই মন্ত্রণালয়ের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। ফলে মধ্যপ্রাচের দেশগুলোতে যখন যে ঘটনা ঘটছে তাৎক্ষণিক এই গ্রুপের মাধ্যমে পাওয়া যাচ্ছে, আপডেট পাওয়া যাচ্ছে এবং সেই অনুযায়ী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাৎক্ষণিক কার্যক্রম গ্রহণ করে যাচ্ছে।’
নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় এই মন্ত্রণালয়ের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিবিড়ভাবে সমন্বয় সাধনের জন্য দু’জন কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের মাধ্যমে প্রতিদিনই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে কোথায় কে আহত হচ্ছেন কিংবা নিহত হচ্ছেন তার সর্বশেষ হালনাগাদকৃত তথ্য পাওয়া যাচ্ছে। এবং সেই তথ্যগুলোর গুরুত্ব বিবেচনায় মন্ত্রী এবং সর্বশেষ প্রধানমন্ত্রী পর্যায়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সচিব বলেন, ‘বিদেশে যেসব এলাকায় যুদ্ধ পরিস্থিতিতে শ্রমিকরা আটকে পড়ে আছেন, তাদের সঠিক সংখ্যা নিরূপণ করে খাদ্য পৌঁছানোর জন্যও ব্যবস্থা করা হচ্ছে।’ তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশি যারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছেন বিশেষ করে বাহারাইন থেকে এখন নিয়ে আসা যাচ্ছে না, যেহেতু বাহারাইন হতে বাংলাদেশের ফ্লাইট এখন বন্ধ রয়েছে।’
তিনি বলেন, ‘যেসব মিশনে কর্মকর্তা নিয়োগ করতে হবে সেখানে কর্মকর্তা নিয়োগের জন্য এরই মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং ১৭টি পদের বিপরীতে ৬১০ জন আবেদন করেছেন।’ মিশনগুলোকে শ্রমিক বান্ধবকরণসহ সক্ষমতা বৃদ্ধির জন্য দ্রুততম সময়ের মধ্যে এসকল জনবল নিয়োগের কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।