ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াতের প্রার্থী শামীম সাঈদী। তিনি প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
ওই আসনে বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর বিজয়ী হয়েছেন।
এর আগে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ৩০ এর বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। এসব আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার ও নির্বাচনসংক্রান্ত অন্যান্য সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দেন হাইকোর্ট।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি করছেন।