চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে মুন্নি আক্তার (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) রাত ১০টার দিকে পৌরসভার পশ্চিম ফটিকা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মা ম্যানশন নামক একটি বিল্ডিং থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম ফটিকা এলাকার ‘মা ম্যানশন’ নামের একটি ভাড়া বাসার নিচতলার একটি কক্ষে দরজা বন্ধ করে নিজ গায়ের ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় মুন্নি আক্তার। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারের সদস্যরা ও পাশের ভাড়াটিয়া জাফর পুলিশকে খবর দেন।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জমির ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে মুন্নিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়।
নিহত মুন্নি আক্তার উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের বাসিন্দা মো. বাহাদুর ও মোনোয়ারা বেগমের ছোট মেয়ে। পরিবারের সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঈদের নতুন কাপড় কেনা নিয়ে পরিবারের সঙ্গে অভিমান এবং ভাইয়ের ল্যাপটপ নেওয়া নিয়ে মনোমালিন্যের জেরে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।