বোয়ালখালী: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এন. মোহাম্মদ প্লাস্টিক কারখানায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা উপস্থিত সাংবাদিক পুলিশকে মারধর করে তাদের অবরুদ্ধ করে রাখে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এন. মোহাম্মদ প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু (৫৫) ও দৈনিক পূর্বকোণ পত্রিকার পূজন সেন (৩৯)। হামলার সময় সাংবাদিকদের মোবাইল ভাঙচুর করা হয়।
ঘটনার খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ, শিল্প পুলিশ ও বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও কারখানার ভেতরে ঢুকতে পারেননি। দীর্ঘ চেষ্টার পর অবরুদ্ধ হয়ে পড়া সাংবাদিকদের ও ভেতরে শিল্প পুলিশের এএসআই মিজানকে উদ্ধার করে।
আহত সাংবাদিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্রমিকরা কারখানার মূল ফটকে তালা দিয়ে আন্দোলন করছেন। ফলে পুলিশ মূল ফটকের বাইরে অবস্থান করেছেন।
আহত সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কেন বা কি উদ্দেশে এ হামলা করা হলো বুঝতে পারিনি। তবে এটি উদ্দেশ্য প্রণোদিত বলে ধারণা করছি।
এ বিষয়ে মালিকপক্ষ বা শ্রমিকদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, অবরুদ্ধ হয়ে পড়া আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় কারখানার বাইরে অবস্থান করছে।