রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় খাসজমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমের দখলে থাকা স্থাপনাগুলো ভেঙে জমি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ২৭ ও ২৮ নম্বর দাগের জমিতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই খাস খতিয়ানের দু’টি দাগে প্রায় ৩০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখলে রেখে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করেছিলেন চেয়ারম্যান রেজাউল করিম। গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে সাত দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে তাকে নোটিশ দেওয়া হয়। এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার মৌখিকভাবেও স্থাপনা অপসারণের আহ্বান জানানো হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও তা অপসারণ করা হয়নি।
সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, ‘নোটিশ দেওয়া ও একাধিকবার মৌখিকভাবে জানানোর পরও স্থাপনা অপসারণ না করায় বিধিমোতাবেক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।’
অভিযানে বহরপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা প্রদীপ কুমার ও বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আশরাফুল হকও উপস্থিত ছিলেন।