ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, সব ধরনের প্রয়োজনে সব সময় এলাকার মানুষের পাশি আছি আমি। ন্যায়ের পথে থেকে সব ধরনের প্রয়োজনে পাওয়া যাবে আমাকে বলেছেন তিনি।
গতকাল (১৩ মার্চ) রাজধানীর একটি রেস্তোরাঁয় ঢাকায় অবস্থানরত নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার মানুষদের সংগঠন ‘ঢাকাস্থ ধামুইরহাট উপজেলা সমিতি’র ইফতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন ইঞ্জিনিয়ার এনামুল হক।
তিনি বলেন, ‘ধামুইরহাটকে কিভাবে আরও ভালো করা যায় সেই চিন্তা করতে হবে। আমাদের একটা বাস টার্মিনাল নেই। আমাদের আলতা দিঘি পর্যটন কেন্দ্র যেটা গড়ে উঠছে সেই কার্যক্রম যাতে অব্যাহত থাকে। সবকিছু মিলিয়ে আমি একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে আপনাদের যখন, যেখানে যা কিছু সহযোগিতার প্রয়োজন হবে আমি সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত আছি। আমার পক্ষ থেকে সব দিক দিয়ে সার্বিক সহযোগিতা থাকবে।’
পবিত্র রমজান মাস থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়ে সাংসদ এনামুল হক বলেন, ‘রমজান মাস চলছে। রজমান মাস ত্যাগের মাস। অনেক কিছু শিখবার আছে। আমরা যেন হালাল রুজিতে চলতে পারি। আজকে এখান থেকে যদি হালাল রুজিতে চলার বিষয়ে শিক্ষা নিতে পারি সেটা হবে বড় বিষয়। আমি আবারও আপনাদের বলছি, আমি আপনাদের এলাকার মানুষ। প্রতিবেশি হিসেবে যখন যেভাবে চাইবেন ন্যায়ের মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা আমি করব।’
কয়েকদিন আগে অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সারাদেশে আলোচনায় এসেছিলেন ইঞ্জিনিয়ার এনামুল হক। শুধু চিকিৎসা গ্রহণ নয় সাধারণ রোগীদের জন্য বরাদ্দ করা হাসপাতালের খাবারও খেয়েছিলেন তিনি। বিষয়টিকে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক বার্তা হিসেবে মনে করেছে অনেকে।

ঢাকায় অবস্থানরত ধামুইরহাট উপজেলার মানুষদের মধ্যে কল্যাণ, ভ্রাতৃত্বের বন্ধন এবং সামাজিক উন্নয়নে অবদান রাখতে ২০২১ সালে গঠিত হয় ‘ঢাকাস্থ ধামুইরহাট উপজেলা সমিতি’। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন করেছে সংগঠনটি। এবারের রমজানে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের কর্মসূচী হাতে নিয়েছে সংগঠনটি। সঙ্গে উপজেলার মাদ্রাসাগুলোতে কোরআন শরিফ বিতরণের কার্যসূচী হাতে নেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
সংগঠনের সভাপতি সামসুজ্জোহা নিজের বক্তব্যে বলেন, ‘আমরা মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ধামুইরহাট চাই। এতে সংগঠনের পক্ষ থেকে যদি সহযোগিতা প্রয়োজন হয় আমরা প্রস্তুত আছি। আমরা মাননীয় এমপি মহোদয়ের কাছে এই বিষয়টি নিয়ে সহযোগিতা চাই।’
ইফতার আয়োজনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী মোরশেদ বাবু, উপদেষ্টা জাকির হোসেন, আলহাজ্ব মোহাম্মদ খাজামউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আনিছুর রহমানসহ অনেকে।