ঢাকা: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশন প্রয়োগে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে দুই নার্সের বিরুদ্ধে। এই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনা ডা. এ কে এম মশিউল মুনীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ সকালে হাসপাতালের মহিলা নাক, কান, গলা বিভাগে কর্তব্যরত দুইজন সিনিয়র স্টাফ নার্স (মলিনা রানী হালদার ও হেলেন অধিকারী) এর বিরুদ্ধে রোগীর স্বজনদের অভিযোগ তারা ওয়ার্ডে ভর্তিকৃত রোগী হেলেনা (৪৮) ও শেফালিকে (৭০) ভুল ইনজেকশন প্রয়োগ করেন। ফলে রোগীদ্বয় তাৎক্ষনিকভাবে মারা গেছেন।
উল্লেখিত বিষয়ে সঠিকতা যাচাইয়ের নিমিত্তে নিম্নে বর্নিত কর্মকর্তাগনের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটিকে আগামী এক কর্মদিবসের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির সভাপতি ডা. আমিনুল হক (সহকারী অধ্যাপক; নাক, কান, গলা; বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল)। কমিটির সদস্য হলেন মোসাম্মৎ শাহানাজ পারভীন (উপ-সেবা তত্ত্বাবধায়ক, ভারপ্রাপ্ত; শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল)। আর সদস্য সচিব করা হয়েছে ডা. আল মামুন খানকে (আবাসিক সার্জন; নাক, কান, গলা; বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল)।