রাজবাড়ী: রাজবাড়ীতে তেলের পাম্পে তেল নেওয়ার সময় ট্রাক চাপায় ২ জন নিহত হয়েছেন।
রোববার (১৬ মার্চ) রাতে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানায় খানখানাপুর তদন্ত কেন্দ্রর অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ।
নিহতরা হলেন, রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়নের ব্রাকপাড়া গ্রামের ইদ্রিস পাটোয়ারির ছেলে ট্রাক চালক সোবাহান পাটোয়ারি (৪৫) ও ঢাকা জেলার ধামরাই উপজেলার ননরাই এলাকার শরল মিয়ার ছেলে ট্রাক চালকের সহকারি স্বপন মিয়া।
ওসি হারুন অর রশিদ জানায়, সন্ধ্যার পরে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে ছিল মাহেন্দ্র ও ট্রাক। ট্রাক চালক সোবাহান পাটয়ারি ও অপর ট্রাক চালকের সহকারি স্বপন মিয়া বাইরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক মাহেন্দ্রর পিছে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা দুজন চাপা পড়ে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
হারুন অর রশিদ আরও জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। ঘটনা পর পরই পালিয়ে যায় চালক। তাকে আটকের চেষ্টা অব্যহত রেখেছে পুলিশ।