ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় উপলক্ষ্যে জাতীয় ঈদগাহে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএসসিসি প্রশাসক।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে নামাজ আদায় করবেন, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আপনারা বৈঠক করেছেন কিনা? প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের কথা হয়েছে। এটা নিয়ে আমরা মিটিংও করেছি। শুধু আইন শৃঙ্খলা না এটার সঙ্গে জড়িত যত সার্ভিস ওরিয়েন্টেড ও যে সমস্ত সংস্থাগুলো আছে সবার সঙ্গে আমরা মিটিং করেছি। এখন পর্যন্ত আমাদের সকল প্রস্তুতি সবকিছু ঠিক আছে। ভিআইপিদের সিকিউরিটিসহ সব ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে নিরবিচ্ছন্ন নিরাপত্তার ব্যবস্থা থাকবে এই ঈদগাহে।
আব্দুস সালাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাতটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। একসঙ্গে ৩৫ হাজার মানুষ নামাজ পড়তে পারবেন। এর মধ্যে ৩ হাজার ৫০০ জন নারীও এখানে নামাজ পড়ার সুযোগ পাবেন।
তিনি বলেন, যেহেতু গরম পড়ে গেছে আমরা শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখার জন্য চেষ্টা করব। পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। খাবার পানি, ওযুর ব্যবস্থাও থাকবে এখানে। বৃষ্টি হলে দ্রুত যেন পানি চলে যায় সেই ব্যবস্থাও আমরা করেছি।
নিরাপত্তার বিষয়ে তিনি আরও বলেন, ধারালো বা অবজেকশন মূলক যা আছে সেগুলো আনা যাবে না। নামাজে যারা আসবেন উনাদেরকে সদয় অনুরোধ করব যাতে এমন কোন কিছু না আনেন, যাতে সিকিউরিটি পয়েন্টে কোন হ্যাম্পার হয়।
এ বছর ভিন্ন কোনো প্রস্তুতি আছে কিনা- প্রশ্নে প্রশাসক বলেন, দীর্ঘদিন পর অন্তত স্বৈরাচার মুক্ত একটা পরিবেশে ঈদের জামাত হবে। তাই ভিন্ন আঙ্গিতে একটা আমেজ থাকবে। নগরবাসী শান্তিপূর্ণভাবে নামাজে আসবে এবং একই ভাবে আবার বের হবেন। আমাদের ঈদগাহের প্রস্তুতির আর ১০ থেকে ১৫ ভাগ কাজ বাকি আছে। নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যেভাবে সম্ভব আমি আশা করব যে এবার ঈদটা যাতে আমাদের জীবনে একটা সুন্দর দিন বয়ে আনে। আমি নগরবাসীকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক।