ঢাকা: দেশে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং নগদ অর্থের ব্যবহার কমানোর লক্ষ্যে সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের প্রধান কার্যালয়ে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে আরও বিস্তৃত করতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে Bangla QR, ইন্টারঅপারেবল ডিজিটাল পেমেন্ট অবকাঠামো, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, পিওএস ও অনলাইন পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে দেশে ডিজিটাল লেনদেনের গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ বাস্তবায়নে নীতি নির্ধারণ, বাস্তবায়ন, মনিটরিং ও প্রতিবেদন প্রণয়নে সমন্বয় বাড়াতে প্রতিটি ব্যাংক, এমএফএস, পিএসপি ও পিএসও প্রতিষ্ঠানে পৃথক ইউনিট গঠন করা প্রয়োজন।
নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোর ক্ষেত্রে ইউনিটটির তত্ত্বাবধানে থাকবেন পেমেন্ট সিস্টেম কার্যক্রম সংশ্লিষ্ট উপব্যবস্থাপনা পরিচালক বা সমপর্যায়ের কর্মকর্তা। অন্যদিকে এমএফএস, পিএসপি ও পিএসও প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালকের ঠিক এক ধাপ নিচের কর্মকর্তা ইউনিটটির দায়িত্বে থাকবেন।
ইউনিটে ব্যাংকের ক্ষেত্রে প্রধান ছাড়াও অন্তত চারজন কর্মকর্তা এবং এমএফএস, পিএসপি ও পিএসও প্রতিষ্ঠানে কমপক্ষে দুইজন কর্মকর্তা রাখতে হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয়ের জন্য ফোকাল পয়েন্ট ও সহকারী ফোকাল পয়েন্ট কর্মকর্তাও নির্ধারণ করতে হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, এই ইউনিট ডিজিটাল পেমেন্ট বিস্তারে Bangla QR, POS, কার্ড ও অনলাইন পেমেন্ট সম্প্রসারণে কর্মপরিকল্পনা তৈরি করবে। এছাড়া মার্চেন্ট অনবোর্ডিং বৃদ্ধি, গ্রাহকদের নিজস্ব অ্যাপে নিবন্ধন বাড়ানো, কর্মকর্তা প্রশিক্ষণ, জনসচেতনতা কার্যক্রম পরিচালনা এবং ডিজিটাল লেনদেনে গ্রাহক সুরক্ষা নিশ্চিত করার কাজ করবে।
এছাড়া ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে প্রতি বছর একটি স্বতন্ত্র প্রতিবেদন তৈরি করে পরিচালনা পর্ষদে উপস্থাপন করতে হবে এবং মার্চ মাসের শেষ কর্মদিবসের মধ্যে তা বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী ৩১ মার্চ ২০২৬ এর মধ্যে সংশ্লিষ্ট সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠন করে এর বিস্তারিত তথ্য ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরসহ বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।