ঢাকা: নবগঠিত রাষ্ট্র মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সোমবার (১৬ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি এ পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পদত্যাগপত্রে মোহাম্মদ আইয়ুব মিয়া উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। গত বছরের ৭ ডিসেম্বর তাকে ব্যাংকটির প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি সরকারের সাবেক সচিব।
এর আগে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেননি।
এ অবস্থায় ব্যাংকটির জন্য নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিতে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।