টাঙ্গাইল: বাংলাদেশ সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটারেরও বেশি নদী ও খাল খননের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, নদী ও খাল পুনরুদ্ধারের লক্ষ্যে নেওয়া এ কর্মসূচির আওতায় দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে খননকাজ শুরু হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় রাজখাল খনন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থা সচল রাখা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট কমাতে খাল খনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ের কৃষকদের আরও স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘টাঙ্গাইল জেলার যেসব খাল ভরাট হয়ে গেছে বা মৃতপ্রায় অবস্থায় রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে খনন করা হবে। এতে এলাকার পানিপ্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি ও মৎস্য খাত উপকৃত হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে। কৃষকদের স্বার্থে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।’
এ ছাড়া আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে কৃষি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।