ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। তবে সময়মতো ট্রেন চলাচলে স্বস্তি ঘরমুখো মানুষের।
মঙ্গলবার (১৭ মার্চ) স্টেশন ঘুরে দেখা যায়, প্রতিটি ট্রেন কানায় কানায় পূর্ণ থাকলেও নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ও আনন্দ লক্ষ্য করা গেছে। দীর্ঘ ভোগান্তির শঙ্কা থাকলেও সময়মতো ট্রেন চলাচল স্বস্তির বার্তা দিচ্ছে ঈদযাত্রীদের জন্য।
মঙ্গলবার ঢাকা থেকে ট্রেন হিসেবে দুপুর ১২:১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জগামী রাজশাহী কমিউটার ছেড়ে যায়। এরপর পর্যায়ক্রমে নারায়ণগঞ্জগামী নারায়ণগঞ্জ কমিউটার,মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস,চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস,চট্টগ্রামগামী চট্টলা এরাপ্রেস,এবং রাজশাহীগামী সিঙ্ক সিটি নির্ধারিত সময়েই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

ঈদে রাজধানীর কমলাপুর স্টেশনে ঘরমুখী মানুষদের টিকিট কাটার ভিড় – ছবি : সারাবাংলা
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে কর্তৃপক্ষ এবার কঠোর অবস্থানে রয়েছে। স্টেশন ও প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে কয়েক ধাপে টিকিট যাচাই করা হচ্ছে। ভ্রাম্যমাণ টিটিই ইয়াকুব জানান, শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে এবং টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে নির্ধারিত ভাড়ায় অতিরিক্ত একজনের জন্য স্ট্যান্ডিং টিকিটের সুযোগ রাখা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। এদিকে ১৭ মার্চ শবে কদরের ছুটি এবং অন্যান্য সরকারি ছুটি মিলিয়ে টানা সাত দিনের অবকাশ পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। ফলে অনেকেই আগেভাগে পরিবারকে গ্রামে পাঠিয়ে দিয়ে শেষ কর্মদিবস শেষে নিজ নিজ গন্তব্যে রওয়ানা হচ্ছেন।
কমলাপুর রেলস্টেশনের পাশাপাশি আশপাশের বাস কাউন্টারগুলোতেও যাত্রীদের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে, যা ঈদযাত্রার সার্বিক চাপের চিত্রই তুলে ধরছে।