ঢাকা: ঈদে ফাঁকা হওয়া রাজধানীর এলাকাগুলোতে অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা ও মোটরসাইকেলে ঘোরাফেরা কিংবা অস্বাভাবিক জমায়েত দেখলে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।
ঈদে রাজধানীবাসীর নিরাপত্তার বিষয়ে জানিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমকে এসব কথা বলেছেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানী ঢাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে সীমিত জনবল নিয়েও পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে এবং এ ক্ষেত্রে জনসচেতনতা ও জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মো. সরওয়ার বলেন, এলাকায় হঠাৎ নতুন বা অপরিচিত লোকজনের সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা, কিংবা কোনো স্থানে অচেনা লোকজনদের অস্বাভাবিকভাবে জড়ো হয়ে আলোচনা করার মতো পরিস্থিতি দেখা গেলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি একত্রিত হয়ে এমন অবস্থায় তাদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করুন।
তিনি আরও বলেন, তাদের আচরণ সন্দেহজনক মনে হলে নিকটস্থ থানায় যোগাযোগ করুন বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন।