ঢাকা: পবিত্র ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অনেক সাংবাদিক ও কর্মচারীর বেতন-ভাতা ও ঈদ বোনাস বকেয়া থাকার খবরে গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত বলে জানিয়েছেন জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ উদ্বেগ জানান তিনি।
পোস্টে তিনি লেখেন, ঈদ আনন্দ ও পরিবারের সঙ্গে সময় কাটানোর উৎসব। কিন্তু এই সময়েও যারা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হন, তাদের কষ্ট আমরা বুঝি। যারা প্রতিদিন সত্য তুলে ধরেন, মানুষের কথা বলেন- তাদের এই অনিশ্চয়তার মধ্যে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট মালিকপক্ষের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, অবিলম্বে সকল বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করুন।
সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের সম্মিলিত নৈতিক অঙ্গীকার। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।