ঢাকা: আগামী ২৪ মার্চ থেকে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৮ মার্চ) ইসি সচিবালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি কর্মকর্তারা জানান, ইতোমধ্যে এ দুই আসনের প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এখন ঈদের ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কয়েদিরা পোস্টাল ব্যালট পাঠানোর কাজ শুরু করা হবে।
ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে গণমাধ্যমকে জানান, প্রবাসীদের জন্য ওসিভি ও দেশের ভেতরের ভোটারদের জন্য আইসিভি, দুই ধরনের পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকবে।
প্রবাসীদের জন্য ওসিভি ব্যালট পাঠানো হয়েছে। আর দেশের ভেতরে থাকা পোস্টাল ভোট গ্রহণ শুরু হবে ২৩ বা ২৪ মার্চের দিকে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।
গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সংস্থাটি।
আবার বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার।
এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দু’টো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল ষোষণা করে ইসি।
আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ওই দুই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বগুড়া-৬-শেরপুর-৩: অভ্যন্তরীণ পোস্টাল ব্যালট বিতরণ ২৪ মার্চ শুরু
সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১৬:১০
১৮ মার্চ ২০২৬ ১৬:১০
সারাবাংলা/এনএল/এসআর