ঢাকা: ২২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক জানান, দুর্ঘটনাকবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ২২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের পাঁচ জেলার ট্রেন চলাচল শুরু হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) থেকে উত্তরবঙ্গের সব ট্রেন আবার শিডিউলে ফিরবে বলেও জানান রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন।
এর আগে, বুধবার (১৮ মার্চ) বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হয়।