Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় দুপুরের পর বন্ধ ফিলিং স্টেশন, বিপাকে চালকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৩:২১

গাইবান্ধা: গাইবান্ধা শহরে হঠাৎ করে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেওয়ায় বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার পর থেকে শহরের চারটি ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল, বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনের চালকরা।

সরেজমিনে দেখা যায়, তেল পাম্পগুলোতে অয়েল ডিসপেনসার মেশিন গুলা কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছে। অনেক চালক তেল নিতে এসে ফিরে যাচ্ছেন খালি হাতে। কেউ কেউ বাধ্য হয়ে দূরবর্তী এলাকার পাম্পের খোঁজ করছেন, আবার অনেকেই যানবাহন চালানো বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

আর রহমান ফিলিং স্টেশনের ম্যানেজার আতিকুর রহমান জানান, সাম্প্রতিক সময়ে তেলের সরবরাহ কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে অনেক গ্রাহক প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনে মজুদ করছেন, ফলে সংকট আরও তীব্র হয়ে উঠেছে। অনেকেই বাইকে তেল থাকা সত্ত্বেও অতিরিক্ত তেল নিচ্ছেন, এতে স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী চালকরা অভিযোগ করেন, হঠাৎ করে তেল বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে যাদের দৈনিক আয়ের উপর জীবিকা নির্ভর করে, তাদের জন্য এ সংকট বড় ধরনের সমস্যার সৃষ্টি করেছে।

গাইবান্ধা বাস টার্মিনালের কাদির ফিলিং স্টেশনে তেল কিনতে আসা মোটরসাইকেল চালক সাব্বির আহমেদ বলেন, ‘আমি সাঘাটা উপজেলা থেকে তেল কিনতে শহরে এসেছি এর আগে তিনটা ফিলিং স্টেশনে গিয়ে দেখি সব কয়টি বন্ধ। এখন হয়তো বাড়িতে ফেরার তেল থাকবে না’।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর