যশোর: যশোর শহরকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার (১৮ মার্চ) শহরের গাড়ীখানা রোড হতে এমএম আলী রোড (ব্যাগ পট্টি) পর্যন্ত ড্রেনের উর্দ্ধমূখী সম্প্রসারণ ও আরসিসি রাস্তার উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজ সহজ করতে যশোর শহরকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরাবাসী আমাকে সমর্থন দিয়েছে। আমি জনগনকে সাথে নিয়ে এই যশোরকে নতুনভাবে গড়ব।’
যশোর-৩ (সদর) আসনের এই সংসদ সদস্য বলেন, ‘যশোর শহরে চলাচল সহজ করতে বিকল্প সড়কের প্রয়োজন। যা এই সড়কের মাধ্যমে শুরু হলো। আমার নির্বাচনি অঙ্গীকার ছিল শহরের মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার। আমাদের কাজ চলমান, আগামী বর্ষা মৌসুমের অনেক আগেই কাজ শেষ করতে পারব। বিগত বর্ষা মৌসুমে মানুষ যে পরিমাণ কষ্ট পেয়েছে, আগামী মৌসুমে তার সিংহভাগ লাঘব হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও আমাদের ভূমিকা চলমান।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদসহ অন্যান্যরা।