ঢাকা: পবিত্র ঈদ উল ফিতর ছুটি শুরু হয়েছে আজ থেকে। আর এদিন ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ (বিএমইউ)-এর বহির্বিভাগে ৬৮৫ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। একইসঙ্গে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সেবাও প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) হাসপাতালের বহির্বিভাগ-১ ও বহির্বিভাগ-২ এ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সেবা দেওয়া হয়। এসময় বহির্বিভাগের চিকিৎসাসেবাসহ টেস্টসমূহের সেবা কার্যক্রম পরিদর্শন করেন বিএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের, সহকারী পরিচালক (হাসপাতাল) মো. মাহবুবুল হক সরকার প্রমুখ।
বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান বলেন, বহির্বিভাগে রোগীদেরকে পরামর্শসহ চিকিৎসাসেবা প্রদানসহ পরবর্তীতে রোগীদের টেস্টসমূহ সম্পন্ন করার এই মহতী কার্যক্রমে বৃহস্পতিবার ১৯ মার্চ এবং রবিবার ২২ মার্চ চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীসহ প্রায় ৫শত জন অংশগহণ করছেন। এছাড়াও হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে চিকিৎসক, নার্সসহ প্রায় ৫শত জনবল দায়িত্ব পালন করছেন। আগামী ২২ মার্চও বহির্বিভাগ খোলা থাকবে।
জানা গেছে, বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের উদ্যোগে রোগীদেরকে পরীক্ষা-নিরীক্ষা সেবা প্রদান করে। বন্ধের দিনগুলোতে রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের উদ্যোগে চালু রয়েছে এক্সরে এবং সিটিস্ক্যান পরীক্ষার সুবিধা। বন্ধের দিনগুলোতে হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগও প্রচলিত নিয়মে খোলা রয়েছে।
এদিকে ঈদের জামাত ঈদের দিন সকাল ৮টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এছাড়া, আনন্দ ভাগাভাগির বৃহত্তম ধর্মীয় উৎসবের খুশির ঈদের দিনে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার ২৪ মার্চ সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত এবং ওই দিনই প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে।