পিরোজপুর: চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কুপিয়ে জখমসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। একই সঙ্গে এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. গোলাম রসুল (৫৭) অভিযোগ করেন, একই এলাকার আলমগীর শেখ (৪২) ও সজীব শেখ (৩২) দীর্ঘদিন ধরে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্ন সময় তাকে হুমকি দিতেন।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন বিকেলে আলমগীর ও সজীবসহ ৩-৪ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। দাবিকৃত চাঁদা না পেয়ে তারা তাকে ও তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গোলাম রসুল বাম হাত দিয়ে ঠেকাতে গেলে তার বুড়ো আঙুল গুরুতর জখম হয়।
তাকে উদ্ধার করতে এগিয়ে এলে হানিফ শেখ, নারগিছ বেগম, হামিদা বেগম ও রিনা বেগমকেও মারধর করে আহত করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় হামিদা বেগমের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা, ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া রিনা বেগমের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় গোলাম রসুল পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পিরোজপুর সদর থানায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।