Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার সব সময় প্রবাসীদের পাশে আছে: বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ১৫:৪০ | আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৬:৫৯

-ছবি : সংগৃহীত

ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকার সবসময় প্রবাসীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

শুক্রবার (২০ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তার দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব নেবে। এছাড়া দাফন কার্য সম্পন্নের জন্য নিহতের পরিবারকে ৫০ হাজার টাকার চেক এবং ঈদের পর ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ৩ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি শেষে যারা ফেরত যেতে চাইবেন, তাদের সরকারের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।

বিমানবন্দরে উপস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, নিহত প্রবাসীর পরিবারকে সম্ভাব্য সব ধরনের আর্থিক সহায়তা দেওয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যে আমাদের প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। আমাদের মিশনগুলো প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের সুরক্ষিত রাখার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। আশা করি যুদ্ধ পরিস্থিতির দ্রুত সমাধান হবে। বাংলাদেশ চায় কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হোক।

নিহত মোশারফ হোসেনের মরদেহ সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এসভি-৮০৬ যোগে রিয়াদ থেকে ঢাকায় আসে। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে। বিমানবন্দরে মরদেহ গ্রহণ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর