ঢাকা: আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জাতিকে এগিয়ে নিতে চাই এবং আজকের ঈদের দিনে এটাই প্রত্যাশা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২১ মার্চ) কক্সবাজারের পেকুয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ইন্টারন্যাশনাল ফ্রড সামিটে অংশগ্রহণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্রড বা ডিজিটাল স্ক্যাম বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে, কীভাবে এই সমস্যার বৈশ্বিক মোকাবিলা করা যায় সে লক্ষ্যে সামিটটি জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে এবং কৌশল প্রণয়ন করা হয়েছে। আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি।’
রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করি সবসময়। যাতে বর্তমান সাহায্য বহাল থাকে এবং ভবিষ্যতে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণভাবে নিজেদের দেশে প্রত্যাবাসন করা যায়। একই সঙ্গে এ বিষয়ে জাতিসংঘের প্রচেষ্টা যেন আরও বৃদ্ধি পায় আমরা সে আহ্বান জানাই।