১৬ বছর বয়সে সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলেছিলেন পাকিস্তানের শহিদ আফ্রিদি। গত প্রায় ৩০ বছর ধরে নারী-পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে শতরানের রেকর্ড ছিল সেটি। অবশেষে ভাঙল এই রেকর্ড। মাত্র ১৫ বছর বয়সে সেঞ্চুরি করে আফ্রিদির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ১৫ বছর বয়সী রুয়ান্ডার ব্যাটার ফ্যানি উতাগাশিমানিন্দে।
নাইজেরিয়া আমন্ত্রণমূলক উইমেন’স টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শুক্রবার ঘানার বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে ১৭ বাউন্ডারিতে ৬৫ বলে ১১১ রানে ইনিংস খেলে অপরাজিত রয়ে যান উতাগাশিমানিন্দে। স্বীকৃত ক্রিকেটেই এটি ছিল তার প্রথম ম্যাচ।
১৫ দিন ২২৪ দিন বয়সে ইনিংসটি উপহার দিয়ে তোলপাড় ফেলে দেন তিনি রেকর্ড বইয়ে। নারী-পুরুষ মিলিয়ে এই প্রথম ১৫ বছর বয়সী কারও শতরান দেখল আন্তর্জাতিক ক্রিকেট।
১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নাইরোবিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ৫০ বলে ১০২ রানের ইনিংসটি খেলার দিন আফ্রিদির বয়স ছিল ১৬ বছর ২১৭ দিন। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানি এই অলরাউন্ডারের দ্বিতীয় ম্যাচ আর প্রথম ইনিংস ছিল সেটি। সেদিন ৩৭ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন তিনি। দ্রুততম শতরানের সেই রেকর্ড অতীত হয়ে গেছে বেশ আগেই। এবার বয়সের রেকর্ডও ভেঙে গেল।
মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে আগের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন আয়ারল্যান্ডের অ্যামি হান্টার। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে হারারেতে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেছিলেন তিনি ১৬তম জন্মদিনে।
মেয়েদের টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির আগের রেকর্ড ছিল উগান্ডার প্রসোকোভিয়া আলাকোর। ২০১৯ সালে মালির বিপক্ষে ৭১ বলে ১১৬ রান করেছিলেন তিনি ১৬ বছর ২৩৩ দিন বয়সে।
আরেকটি অনন্য কীর্তিও গড়েছেন উতাগাশিমানিন্দে। নারী টি-টোয়েন্টি অভিষেকে সেঞ্চুরি করা প্রথম ব্যাটার তিনিই। প্রথম ম্যাচে আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল কারেন রোল্টনের। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে টন্টনে ৫০ বলে ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন এই অস্ট্রেলিয়ান গ্রেট।