কুমিল্লা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে জেলার প্রধান ঈদ জামাত।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই জামাত অনুষ্ঠিত হয়। ঈদের এ প্রধান জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জামাতে ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের খতিব ক্বারি ইব্রাহিম। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঈদের এ প্রধান জামাতে অংশ নেন কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউছুফ মোল্লা টিপু এবং জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্তরের মানুষ।
নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘এ দেশ আমাদের সবার। সম্মিলিত প্রচেষ্টায় দেশকে আরও সুন্দর ও উন্নত করতে হবে, যাতে আগামী প্রজন্ম একটি সমৃদ্ধ ও বাসযোগ্য বাংলাদেশ পায়।’
এদিকে, জেলার বিভিন্ন উপজেলাতেও ঈদের জামাত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার ১৭টি উপজেলায় মোট ২ হাজার ৯৩টি মসজিদ ও ২ হাজার ৫৮টি ঈদগাহে সর্বমোট ৪ হাজার ১৫১টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়, যেখানে লাখো মুসল্লি অংশগ্রহণ করেন।
সার্বিকভাবে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে কুমিল্লায় ঈদুল ফিতরের জামাতসমূহ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।