খুলনা: খুলনায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় খুলনা টাউন জামে মসজিদে প্রথম জামাত, ৯টায় দ্বিতীয় এবং সকাল ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার (২০ মার্চ) জুমাতুল বিদার দিনে বিকেলে প্রথম কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি হয়। যা রাতে এমনকি শনিবার (২১ মার্চ) সকালেও থেমে থেমে অব্যাহত থাকে। এতে খুলনা সার্কিট হাউজ ময়দানে পানি জমে গেছে। যে কারণে এ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়া সম্ভব হয়নি। জেলার অনেক স্থানে ঈদগাহে জামাত আয়োজনের পরিকল্পনা থাকলেও বৃষ্টির কারণে তা বাতিল করে মসজিদে আয়োজন করা হয়েছে।
এছাড়া নগরীর খালিশপুর ঈদগাহ ময়দান এবং বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। খুলনা আলীয়া মাদরাসা, বায়তুশ শরফ জামে মসজিদ, ডাকবাংলো জামে মসজিদ, ফেরিঘাট জামে মসজিদ, মতি মসজিদ, মদনী মসজিদ, ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ, জামাতখানা মসজিদ, লবণচরা জামে মসজিদ, শিপইয়ার্ড জামে মসজিদ, দক্ষিণ টুটপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, দাদা ম্যাচ ফ্যাক্টরি জামে মসজিদ, রূপসা জামে মসজিদ, খুলনা পুলিশ লাইন, গ্লাক্সো জামে মসজিদ, জাহাননগর জামে মসজিদ, টুটপাড়া মেইন রোড জামে মসজিদ, পিটিআই জামে মসজিদ, মক্কী মসজিদ, আল হেরা জামে মসজিদ, কালেক্টরেট মসজিদ, কাগজী বাড়ি মসজিদ, বাইতুন আমান জামে মসজিদ, ইকবালনগর জামে মসজিদ, টুটপাড়া মরিয়ম মসজিদ, বড়মির্জাপুর ইউছুফিয়া জামে মসজিদ, হেলাতলা জামে মসজিদ, রেলওয়ে জামে মসজিদ, সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ, বয়রা জামে মসজিদ, রায়েরমহল প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠ, ফায়ার ব্রিগেড ময়দান, নেছারিয়া মাদরাসা ময়দান, নিউজপ্রিন্ট মিল জামে মসজিদ, হার্ডবোর্ড মিল জামে মসজিদ, প্লাটিনাম জুবিলি জুট মিলস জামে মসজিদ, ক্রিসেন্ট জুট মিল জামে মসজিদ, বাইতুল ফালাহ জামে মসজিদ, দেয়ানা মধ্যপাড়া জামে মসজিদ, ফুলবাড়িগেট জামে মসজিদ, খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কেন্দ্রীয় জামে মসজিদ, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) কেন্দ্রীয় জামে মসজিদ, সরকারি বিএল কলেজ জামে মসজিদসহ নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এতে সব মুসলমানের কল্যাণ কামনা করা হয় এবং মানবসেবায় আরও বেশি আত্মনিয়োগের তৌফিক আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।