Sunday 22 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, তবুও ‘অস্বাস্থ্যকর’ বাতাস

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৬ ১৪:৩৮

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে লাখ লাখ মানুষ নাড়ির টানে ঢাকা ছাড়ায় রাজধানী এখন এক প্রায় জনশূন্য নগরীতে পরিণত হয়েছে। রাস্তায় নেই চিরচেনা যানজট, অভ্যন্তরীণ যানবাহন চলাচলও অত্যন্ত সীমিত এবং রাস্তাঘাটগুলোও অনেকটা ফাঁকা। তবে জনসমাগম ও পরিবহন কমলেও রাজধানীর বায়ুদূষণ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

রোববার (২২ মার্চ) সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টার দিকে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই সময়ে ঢাকার বায়ুদূষণের স্কোর ছিল ১৬৫, যা পরিবেশগত মানদণ্ডে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। আজ বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় ১৯৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ১৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে চীনের বেইজিং এবং ১৭৪ স্কোর নিয়ে দক্ষিণ কোরিয়ার ইনচিওন রয়েছে তৃতীয় অবস্থানে।

বিজ্ঞাপন

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ থাকলে তা ‘ভালো’ হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। তবে স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে সেই বাতাস সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’। এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি স্কোরকে ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে, দূষিত বাতাসের বিপরীতে বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর বায়ুর তালিকায় আজ শীর্ষ দুটি শহরই যুক্তরাষ্ট্রের। এর মধ্যে ৩৯ স্কোর নিয়ে প্রথম অবস্থানে ডেনভার এবং ৪২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শিকাগো। ঢাকার রাস্তাঘাট ফাঁকা থাকা সত্ত্বেও দূষণ স্কোর ১৬৫ থাকা নগরবাসীর জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর