ঢাকা: কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি দেশের সড়ক ও রেলপথে ক্রমবর্ধমান দুর্ঘটনার জন্য সরকারকে দায়ী করেছে।
রোববার (২২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ভোর রাতে কুমিল্লায় ভয়াবহ এই দুর্ঘটনা দেশের পরিবহন ব্যবস্থার চরম দুর্বলতাকে আবারও সামনে নিয়ে এসেছে।
তিনি অভিযোগ করেন, প্রতিনিয়ত মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত করছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ বা জবাবদিহিতা দেখা যাচ্ছে না।
বিবৃতিতে তিনি আরও বলেন, একের পর এক সড়ক ও রেল দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি প্রমাণ করে যে, দেশের পরিবহন খাতে চরম নৈরাজ্য ও অব্যবস্থাপনা বিরাজ করছে। এই পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন, দায়িত্বশীলদের অবহেলা ও অদক্ষতার কারণেই সাধারণ মানুষ নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি অভিযোগ করেন, নিয়মিত তদারকির অভাব, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং রেলক্রসিংয়ে নিরাপত্তা ঘাটতির কারণে পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে।
বিবৃতিতে কুমিল্লার দুর্ঘটনাসহ সাম্প্রতিক সব দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করা হয়। পাশাপাশি দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, জনগণের জীবন রক্ষায় ব্যর্থ হলে সরকারকে এর জবাব জনগণের কাছেই দিতে হবে।