প্রথমবারের মতো ৮ দল নিয়ে নতুন আঙ্গিকে বড় পরিসরে হওয়ার কথা এবারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে উলটো। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের ধাক্কা লেগেছে এই টুর্নামেন্টে। জ্বালানী সাশ্রয় করতে ফ্র্যাঞ্চাইজি লিগটির এবারের আসর দর্শকশূন্য মাঠে আয়োজনের ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।
পাকিস্তানের ছয়টি ভেন্যুতে হওয়ার কথা ছিল পিএসএলের একাদশ আসর। এখন সবগুলো ম্যাচ হবে কেবল লাহোর ও করাচিতে। লাহোরে নির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠানটিও বাতিল করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে পৃথিবীজুড়েই জ্বালানি সংকট ক্রমশই বাড়ছে। যার প্রভাব পড়েছে পাকিস্তানেও। জ্বালানির ব্যবহার কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশটি।
নাকভি অবশ্য মৌসুমের শেষ দিকের কিছু ম্যাচে দর্শকদের মাঠে এসে খেলা দেখার সম্ভাবনার পথ খোলা রেখেছেন। তবে তা নির্ভর করবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ওপর। এনিয়ে নাকভি বলেন, “সম্ভবত এই যুদ্ধ ১০ দিনের মধ্যে শেষ হবে, কিংবা ১৫ দিন।”
চলমান সংকটময় পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান সরকারের উদ্যোগের কথা বলেন নাকভি, ‘জ্বালানি সংকটের কারণে প্রধানমন্ত্রী সকল পাকিস্তানিদের চলাফেরা সীমিত করার অনুরোধ করেছেন। আমরা স্কুল বন্ধ করে দিয়েছি, ওয়ার্ক ফ্রম হোম চালু করেছি এবং ঈদের ছুটি বাড়িয়েছি। এই যুদ্ধ কতদিন চলবে, তা আমরা জানি না। সবকিছু বিবেচনা করে এবং নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আলোচনার পর পিএসএল সূচি অনুযায়ী আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু একদিকে মানুষকে চলাফেরা সীমিত করতে বলছি, আবার প্রতিদিন স্টেডিয়ামে ৩০ হাজার মানুষকে জড়ো করতে পারি না। তাই সিদ্ধান্ত হয়েছে, যতদিন এই সংকট চলবে, মাঠে দর্শক ঢুকতে দেওয়া হবে না। এটা কঠিন সিদ্ধান্ত ছিল, তবে প্রয়োজনও ছিল। উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হবে।’
নাকভি আরও বলেছেন, দর্শক না থাকায় ফ্র্যাঞ্চাইজি মালিকদের যে রাজস্ব ক্ষতি হবে, পিসিবি তা পুষিয়ে দেবে। এছাড়াও যারা ইতোমধ্যে টিকেট কিনেছেন তাদের অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। যেসব শহরে ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু এখন হচ্ছে না, তাদের কাছে ক্ষমা চেয়েছেন পিসিবি প্রধান। আগামী বছরের পিএসএল আরও বেশি ভেন্যুতে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
নাকভি বলেন, ‘যেহেতু গ্যালারিতে কোনো দর্শক থাকছে না, তাই ওই শহরগুলোতে ম্যাচ আয়োজনের কোনো প্রয়োজন নেই। সম্পদ অপচয় রোধে আমাদের চলাচল সীমিত করতে হবে।’
আগামী ২৬ মার্চ শুরু হবে এবারের পিএসএল। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে।