Monday 23 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদির খুনিদের দেশে ফেরাতে ইনকিলাব মঞ্চের ১৫ দিনের আলটিমেটাম

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ১২:১৮

শরিফ ওসমান হাদি।

ঢাকা: শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে সরকারকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।

রোববার (২২ মার্চ) রাতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সই করা এক বিজ্ঞপ্তিতে এই আলটিমেটামসহ ছয় দফা দাবি উত্থাপন করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিরা ভারতের পশ্চিমবঙ্গে আটক হওয়ার পর তাদের নতুন করে রিমান্ডে পাঠানো হলেও বাংলাদেশ সরকারের নীরবতা ও নিষ্ক্রিয়তা রহস্যজনক।

ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে কাজ শুরু করে আগামী ১৫ দিনের মধ্যে খুনিদের বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং এই হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। সংগঠনটি অবিলম্বে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং আসামিদের সীমান্ত পাড়ি দেওয়ার পেছনে স্থানীয় প্রভাবশালী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও মদত ছিল কি না, তা তদন্ত করে নাম প্রকাশের দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া ভারতের আইনি জটিলতা নিরসনে একটি বিশেষ বিশেষজ্ঞ সেল গঠন এবং ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ‘ওপেন ট্রায়াল’ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের ফিরিয়ে আনার দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা করা না হলে ঢাকাসহ সারা দেশে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর