ঠাকুরগাঁও: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ধর্মকে ব্যবহার করে কখনো রাজনীতি হয় না। একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিলো তাদের সে আশা জনগণ পূরণ হতে দেয়নি।
সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলার হাট নেহা নদীতে খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থেকে বা ধর্মীয় দলকে ভোট দিয়ে বেহেশতে যাওয়া যায় না। বেহেশতে যেতে হলে সৎ হতে হবে ঈমান ঠিক করতে ধর্মীয় নিয়ম মানতে হবে। তারা মায়েদের ওপর ভর করে তাদের বিভ্রান্ত করতে চেষ্টা করে। এসব দলের কাছ থেকে দূরে থাকতে হবে ।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশে কোন মব কালচার চলবেনা। আইনের শাসন কঠোরভাবে প্রতিষ্ঠা করতে হবে । কেউ জোর করে কিছু করতে চাইলে তাদের আইনের আওতায় আনা হবে। আমাদের সরকার দায়িত্ব নিয়েই কাজ শুরু করেছে । একটার পর একটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছি। ফ্যামিলি কার্ড কৃষি কার্ডের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে ।
খাল খনন কর্মসূচির বিষয়ে তিনি বলেন, এই কাজে কোনো দুর্নীতি-অনিয়ম সহ্য করা হবে না। দলীয় কোনো নেতা, শ্রমিক বা সরকারি কোন কর্মকর্তা খাল খনন কাজে কোন দুর্নীতি করলে বা বিভিন্ন অজুহাতে কাজ ফেলে রাখলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল উদ্দিন, জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমীন, বিএনপি নেতা শরিফুল ইসলামসহ অনেকে।
ভাউলার হাট নেহা নদীতে খাল খনন কর্মসূচির প্রকল্পের বরাদ্দ ধরা হয়েছে ৫ দশমিক ৮ কিলোমিটার এবং খাল খননের জন্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা। খনন কাজ চলবে ২৩ মার্চ হতে ২৫ জুন পর্যন্ত।