মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামে ইয়াবাসহ আটক এক যুবককে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। একই সঙ্গে ঈদের আগের রাতেও আরেক ব্যক্তিকে আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিঙ্গাভাঙ্গা গ্রামের ইসমাইল মন্ডলের ছেলে ইউসুফকে গত রোববার (২২ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে ইয়াবাসহ আটক করে পুলিশ। এ সময় তার হাতে হাতকড়া পরানো হয়। তবে পরে প্রায় ৪০ হাজার টাকা নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে চার থেকে পাঁচজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
অপরদিকে, ঈদের দুইদিন আগে রাতের বেলায় আদারিয়াতলা নয়াবাড়ি গ্রামের নইচ্ছার ছেলে আবদুল নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। একই রাতে তার কাছ থেকেও প্রায় ৫০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট অভিযানে কিলো-১ এর সঙ্গে থাকা ড্রাইভার রকিবুলের (কনস্টেবল) এর মাধ্যমে ওই অর্থ গ্রহণ করা হয়েছে। সঙ্গে ছিলেন উপ পরিদর্শক (এসআই) সিদ্দিক। কনস্টেবল রকিবুল টাকা নিয়ে ছেড়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।