যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২২ মার্চ) ফোনে কথা বলেছেন। সংবাদমাধ্যম সিএনএন-এর বরাতে এ তথ্য জানা গেছে।
ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানিয়েছেন, উভয় নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বিশেষ করে বিশ্বব্যাপী জাহাজ চলাচল পুনরায় শুরু করার জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। তারা একমত হয়েছেন যে, বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করতে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা অপরিহার্য।”
ফোনালাপটি ২০ মিনিট স্থায়ী ছিল এবং তাদের মধ্যকার আলাপ ‘গঠনমূলক’ ছিল বলে জানানো হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী পরে চ্যান্সেলর র্যাচেল রিভস, ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি এবং অন্যদের নিয়ে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব বিষয়ে একটি বৈঠক করেন।
শনিবার (২০ মার্চ) রাতে ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন, না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘ধ্বংস করে দেবে’ বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।