বাগেরহাট: সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য ইয়াছিন সেখকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়েছে ।
সোমবার (২৩ মার্চ) কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২২ মার্চ বিকেল ৩টায় কোস্ট গার্ড বাগেরহাটের মোংলা উপজেলার বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত বনদস্যুর ছোট সুমন বাহিনীর এক সদস্য ইয়াছিন সেখকে আটক করা হয়।
পরবর্তীতে আটক ডাকাতের তথ্যের ভিত্তিতে, সোমবার (২৩ মার্চ) রাত ১টায় মোংলা উপজেলার ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
আটক দস্যু ইয়াছিন সেখ (৪০) বাগেরহাট জেলার মোংলা উপজেলার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।
জব্দ আলামত ও আটক ডাকাতের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট আশিকুল ইসলাম।