Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ে বালুবাহী ট্রাক, নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১১:৪৭

নাটোর: নাটোরের লালপুরে বালুবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া এলাকার মৃত জোয়াকুল ইসলাম জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), বড়বাদকয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনির (২৭) এবং ছোট বাদকয়া গ্রামের ফজলুর ছেলে বাবুল (৪০)।

আহতরা হলেন- ভেল্লাবাড়িয়া এলাকার ফজলুর রহমানের ছেলে রাজিবুল ইসলাম (২৬), সিদ্দিক আলীর ছেলে রাব্বি (২৫), রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মজনু (৩৫) এবং বড়বাদকয়া গ্রামের আজিতের ছেলে মিঠুন (৩০)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৭টার দিকে নবীনগর এলাকায় একটি বালুবাহী ট্রাক (বগুড়া-ড ১১-০৯-৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে একটি বাড়ির পাকা দেওয়াল ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী জাহিদুল ইসলাম মারা যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মনিরের মৃত্যু হয় এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌছার পর বাবুলের মৃত্যু হয়।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাউসার জানান, আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে মনির ও মেডিকেলে পৌছার পর বাবুলের মৃত্যু হয়েছে এবং রাজিবুল ইসলাম বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আহত রাজিবুল ইসলাম জানান, তারা পেঁয়াজ তোলার কাজে একটি অটোরিকশা ভাড়া করে ফরিদপুর এলাকায় যাচ্ছিলেন। নবীনগর এলাকায় পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে জাহিদুল ইসলামের মৃত্যু হয়। আর রাজশাহী নেওয়ার পথে মনির ও হাসপাতালে পৌঁছার পর বাবুলের মৃত্যু হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো