ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ দফতরে কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হয়ে ঠিক ৯টা ১ মিনিটে তিনি সচিবালয়ে তার কার্যালয়ে উপস্থিত হন। দাফতরিক কাজ শুরুর আগে তিনি সেখানে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর এই প্রথম কার্যদিবসে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে সচিবালয়ে উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
কুশল বিনিময় শেষে প্রধানমন্ত্রী তার নিয়মিত দাফতরিক কার্যক্রম শুরু করেন এবং দেশের প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।