Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভিডিও কলে সিলেটের আরেক হাসপাতালের কার্যক্রম তদারকিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৪:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: এবার সিলেটের আরেকটি হাসপাতালে আকস্মিক উপস্থিত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তবে সশরীরে নয়, ঢাকায় সচিবালয় থেকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে তিনি হাসপাতালের কার্যক্রম তদারকি করেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খোঁজখবর নেন।

ভিডিও কলের শুরুতেই প্রতিমন্ত্রী আউটডোরে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের কাছে সেবার মান এবং সরকারি ওষুধ ঠিক মতো পাচ্ছেন কি না, সে বিষয়ে জানতে চান। এরপর তিনি হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের খোঁজ করেন এবং সরাসরি ভিডিওতে হাসপাতালের হাজিরা খাতা দেখতে চান। খাতায় কাদের সই আছে এবং কারা কর্মস্থলে উপস্থিত আছেন, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।

বিজ্ঞাপন

চিকিৎসকদের উপস্থিতি এবং রোগীদের সন্তুষ্টির কথা জানতে পেরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি নাগরিকের সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। তিনি চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার এবং রোগীদের আস্থা অর্জনের মাধ্যমে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়তে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

এর আগে, গতকাল সোমবার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা হাসপাতালেও একইভাবে ভিডিও কলে হাজির হন ড. এম এ মুহিত। ঈদের ছুটিতে তৃণমূলের চিকিৎসাসেবা সচল রয়েছে কি না, তা দেখতেই তার এই ঝটিকা তদারকি। সেখানে কর্মরত চারজন চিকিৎসকের মধ্যে একজনকে অনুপস্থিত পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আজ বিশ্ব বসতি দিবস
৫ অক্টোবর ২০২৬ ০০:০১

আরো

সম্পর্কিত খবর