Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়াসহ বন্ধ শ্রমবাজার চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৫:৪১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক – ছবি : সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু এবং অভিবাসন ব্যয় নির্ধারণে উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজারগুলো দ্রুত চালু এবং থাইল্যান্ডসহ নতুন বাজারে জনশক্তি রপ্তানির জটিলতা দূর করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে কিছু দেশে নির্দিষ্ট কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে অভিবাসন ব্যয় বেড়ে যাওয়ায় সরকার নির্ধারিত ব্যয় কাঠামো প্রণয়নের কাজ করছে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী জানান, নির্দিষ্ট ব্যয় নির্ধারণ করা হলে অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণে আসবে এবং সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে।

তিনি বলেন, চাহিদা অনুযায়ী আমরা একভাবে সরবরাহ করে আসছিলাম, কিন্তু কিছু ক্ষেত্রে একচেটিয়া ব্যবসার কারণে খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এটি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনা চলছে এবং দ্রুত ইতিবাচক অগ্রগতি আসবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক কর্মী পাঠানো সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বাংলাদেশের শ্রমবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না। বরং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়তে পারে। এজন্য কর্মীদের ভাষা দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়া জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানে কর্মী পাঠাতে বিশেষ সেল গঠন করা হয়েছে এবং এক লাখ কর্মী পাঠানোর লক্ষ্য ত্বরান্বিত করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়া হবে, যা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট খাতে ব্যয় করা যাবে।

সরকারি কর্মকাণ্ডের প্রচার বাড়াতে মন্ত্রণালয়গুলোকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আরও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর